Corporate Sangbad
কর্পোরেট

আইএফআইসি ব্যাংকের ৪৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২৯ জুন, ২০২৬, ৫:০২ অপরাহ্ন ·

আইএফআইসি ব্যাংক পিএলসি-এর ৪৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন) হাইব্রিড পদ্ধতিতে আয়োজিত সভাটি ঢাকার আর্মি গলফ ক্লাবে অনুষ্ঠিত হয় এবং একই সঙ্গে ভার্চুয়ালি শেয়ারহোল্ডাররা অংশগ্রহণ করেন। 

সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মো. মেহমুদ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মোঃ এবতাদুল ইসলাম; অডিট কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক কাজী মোঃ মাহবুব কাশেম, এফসিএ; নির্বাহী কমিটির চেয়ারম্যান ও পরিচালক মোঃ গোলাম মোস্তফা; আইএফআইসি সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান ও পরিচালক মুহাম্মদ মনজুরুল হক; ব্যবস্থাপনা পরিচালক, সৈয়দ মনসুর মোস্তফা ; কোম্পানি সেক্রেটারি মোকাম্মেল হক এবং ব্যাংকের সম্মানিত শেয়ারহোল্ডারবৃন্দ।

সভাপতির বক্তব্যে আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান মো. মেহমুদ হোসেন বলেন, শেয়ারহোল্ডারদের স্বার্থ সংরক্ষণ, আমানতকারীদের আস্থা সুদৃঢ় করা এবং দীর্ঘমেয়াদি টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সমন্বিতভাবে কাজ করছে। ব্যাংকের আর্থিক ভিত্তি ও সম্পদের গুণগত মান উন্নয়ন, খেলাপি ঋণ নিয়ন্ত্রণ, পরিচালন দক্ষতা বৃদ্ধি এবং গ্রাহকসেবার উৎকর্ষ নিশ্চিত করার লক্ষ্যে ইতোমধ্যে একাধিক কৌশলগত উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যা ভবিষ্যতে ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে ব্যাংকের প্রতিযোগিতামূলক উন্নতি প্রদর্শন করবে বলেও মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, সভায় সম্মানিত শেয়ারহোল্ডারগণ বর্তমান পরিচালনা পর্ষদের নেতৃত্বে ব্যাংকের ইতিবাচক অগ্রযাত্রার প্রশংসা করেন। তাঁরা বলেন, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি এবং ব্যাংকিং খাতের বিভিন্ন চ্যালেঞ্জ সত্ত্বেও আইএফআইসি ব্যাংকের উল্লেখযোগ্য আমানত প্রবৃদ্ধি গ্রাহকদের আস্থা, কার্যকর ব্যবসায়িক কৌশল এবং ব্যাংকের প্রতি ক্রমবর্ধমান গ্রাহক আস্থার সুস্পষ্ট প্রতিফলন।

সভায় ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদন, নিরীক্ষক নিয়োগসহ নির্ধারিত সকল এজেন্ডা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। ব্যাংকের কোম্পানি সেক্রেটারি মোকাম্মেল হক সভাটি পরিচালনা করেন।