Corporate Sangbad
জাতীয়

রোহিঙ্গা প্রত্যাবাসনই সংকটের একমাত্র সমাধান: জাতিসংঘে বাংলাদেশ

প্রকাশিত: ২০ জুন, ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন ·

রোহিঙ্গা শরণার্থীদের দ্রুত, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। একই সঙ্গে জোর দিয়ে বলা হয়েছে, সংকটটির স্থায়ী সমাধানের জন্য মিয়ানমারকেই কার্যকর উদ্যোগ নিতে হবে।

শুক্রবার (১৯ জুন) মিয়ানমার বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের ব্রিফিংয়ে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী এসব কথা বলেন।

শনিবার (২০ জুন) সকালে ঢাকায় প্রাপ্ত এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেন, ‘রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, তাই এর টেকসই সমাধানও দেশটিতেই খুঁজে বের করতে হবে।’

তিনি উল্লেখ করেন, মানবিক কারণে বাংলাদেশ প্রায় এক দশক ধরে ১২ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে। দীর্ঘস্থায়ী এ সংকটের কারণে বাংলাদেশ বর্তমানে বড় ধরনের সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত ও নিরাপত্তাজনিত চ্যালেঞ্জের মুখে পড়েছে। বিপুলসংখ্যক শরণার্থীর দীর্ঘমেয়াদি উপস্থিতি স্থানীয় জনগোষ্ঠীর ওপর এবং দেশের সম্পদের ওপর ব্যাপক চাপ সৃষ্টি করছে, যা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি।

নিজেদের ঘরে ফেরার আগ্রহ প্রকাশ করে রোহিঙ্গারা যে স্বেচ্ছায় মিয়ানমারে ফিরে যেতে চায়, তা উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, ‘প্রত্যাবাসনই এই সংকটের একমাত্র টেকসই সমাধান।’

শান্তিপূর্ণ সমাধানে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি আন্তর্জাতিক সম্প্রদায় ও আঞ্চলিক গুরুত্বপূর্ণ অংশীজনদের কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করার আহ্বান জানান। এছাড়া রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ তৈরিতে মিয়ানমারসহ সংশ্লিষ্ট পক্ষগুলোকে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

রাষ্ট্রদূত আরও বলেন, রোহিঙ্গাদের নিজ দেশ ছাড়তে বাধ্য করার পেছনে দায়ী ব্যক্তিদের জবাবদিহি নিশ্চিত করতে হবে। এছাড়া রাখাইন রাজ্যে শান্তি ও স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে বিশ্ব ও আঞ্চলিক পর্যায়ে সমন্বিত প্রচেষ্টার প্রয়োজন। সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও শক্তিশালী সমর্থন ও অব্যাহত মনোযোগ কামনা করে বাংলাদেশ।