কলকাতায় হেনস্তার শিকার হওয়ার যে খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে সেটিকে সম্পূর্ণ গুঞ্জন এবং অতিরঞ্জিত বলে উড়িয়ে দিয়েছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। পাশাপাশি সবাইকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন এই অভিনেতা।
মঙ্গলবার (১৬ জুন) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট ঘিরে দাবি ওঠে, কলকাতার নিউ মার্কেট এলাকায় স্ত্রী রোবেনা রেজা জুঁইকে সঙ্গে নিয়ে যাওয়ার সময় একদল ব্যক্তি মোশাররফ করিমকে লক্ষ্য করে কটূক্তি করেন এবং পরিস্থিতি হাতাহাতির পর্যায়ে গড়ায়। পরে বিভিন্ন মাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।
তবে এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে মোশাররফ করিম গণমাধ্যমকে বলেন, ‘ফেসবুকে নানা কথাই রঙ চড়িয়ে ছড়ানো হয়। কিন্তু একটি সংবাদ লেখার মতো যতটুকু উপাদান প্রয়োজন, এই ঘটনায় ততটুকুও নেই। বলতে গেলে তেমন কিছুই ঘটেনি।’
তিনি বর্তমানে সস্ত্রীক কলকাতায় সম্পূর্ণ নিরাপদে আছেন এবং স্রেফ ভ্রমণের উদ্দেশ্যেই সেখানে গিয়েছেন। আরো তিন-চার দিন কলকাতায় কাটিয়ে তিনি ঢাকায় ফিরবেন বলে জানিয়েছেন।
এর আগে তাঁর স্ত্রী রোবেনা রেজা জুঁইও জানান, সামাজিক মাধ্যমে প্রচারিত হামলার খবরটি সত্য নয় এবং তাদের সঙ্গে এমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
জানা গেছে, কোনো শুটিং বা পেশাগত কাজে নয়, ব্যক্তিগত অবকাশ যাপনের উদ্দেশ্যে বর্তমানে কলকাতায় অবস্থান করছেন মোশাররফ করিম ও তাঁর স্ত্রী। তাঁদের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে যেভাবে ঘটনাটি উপস্থাপন করা হয়েছে, বাস্তবে তেমন কিছু ঘটেনি।