Corporate Sangbad
জাতীয়

শাস্তির মুখোমুখি হচ্ছে আদ্-দ্বীন হাসপাতাল, জানালেন স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: ১৬ জুন, ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন · নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় জড়িত হাসপাতাল কর্তৃপক্ষ কঠোর শাস্তির মুখোমুখি হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

মঙ্গলবার (১৬ জুন) সকালে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে ‘হাম চিকিৎসা প্রোটোকল ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট গাইডলাইন’-এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, "সরকারের নির্দেশনা ও আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কেউ পার পাবে না। অনিয়ম ও অবহেলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।"

হাসপাতালটির চিকিৎসা ব্যবস্থার ভয়াবহ চিত্র তুলে ধরে মন্ত্রী বলেন, "আদ্-দ্বীন হাসপাতালে নবজাতক ও শিশুদের জন্য নিরাপদ চিকিৎসা পরিবেশ নিশ্চিত করা যায়নি। সেখানে অক্সিজেন প্রবাহের জন্য প্রয়োজনীয় ভেন্টিলেশন ব্যবস্থাও ছিল না। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, নবজাতকদের শ্বাসকষ্ট শুরু হলেও তখন কোনো চিকিৎসক দায়িত্ব পালন করছিলেন না। এমনকি বারবার ডেকেও নার্সদের কোনো সাড়া মেলেনি।"

তিনি আরও যোগ করেন, "অল্প সময়ের ব্যবধানে যে হাসপাতালে ছয়টি শিশুর মৃত্যু হয়েছে, সেই হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সরকারের দায়িত্ব। আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা কোনোভাবেই ভুল নয়। স্বাস্থ্যখাতে দীর্ঘদিন ধরে চলে আসা অনিয়ম ও জবাবদিহিতার সংকট দূর করতে প্রয়োজনীয় সব ধরনের পরিবর্তন আনা হবে।"

অনুষ্ঠানে দেশের স্বাস্থ্যসেবা খাতে রোগীদের সেবার মান আশানুরূপ বৃদ্ধি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী।

তবে ডাক্তার ও নার্সদের সম্মিলিত সহযোগিতায় সরকার হামের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয়েছে উল্লেখ করে তিনি চিকিৎসকদের আরও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. কে. এম. মজিবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সভাপতি অধ্যাপক ডা. হারুন-অর-রশীদ, মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. শাহীন রহমান চৌধুরী এবং উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মেহেরুন নেসা।

অনুষ্ঠানে হাসপাতাল সম্পর্কিত একটি বিশেষ উপস্থাপনা প্রদান করেন কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. ফারহানা হক।