বাল্যবিবাহ প্রতিরোধে বিবাহ নিবন্ধনের ক্ষেত্রে সনাতন বা কাগজের জন্মসনদের পরিবর্তে অনলাইন বা ডিজিটাল জন্ম নিবন্ধন রেকর্ড ব্যবহার বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে ‘বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭’ সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার (১৫ জুন) জাতীয় সংসদে কুমিল্লা-৪ আসনের এনসিপি দলীয় সংসদ সদস্য আবুল হাসনাতের এক লিখিত প্রশ্নের জবাবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন এ তথ্য জানান।
মন্ত্রী জানান, ইউনিসেফ এবং ইউএনএফপিএ-এর কারিগরি সহায়তায় বর্তমানে এই নতুন আইনের খসড়া তৈরির কাজ চলছে। প্রস্তাবিত সংশোধনীর মাধ্যমে বিদ্যমান আইনের 'বিশেষ পরিস্থিতি'র সুযোগ নিয়ে বাল্যবিবাহ দেওয়ার আইনি ফাঁকফোকরগুলো পুরোপুরি বন্ধ করা হবে।
তিনি আরও উল্লেখ করেন, এই সংশোধনীর মূল লক্ষ্য হলো বিবাহ নিবন্ধনের জন্য সনাতন পদ্ধতির কাগজের সনদের বদলে বাধ্যতামূলকভাবে অনলাইন বা ডিজিটাল জন্ম নিবন্ধন রেকর্ড যাচাই করা। মূলত জালিয়াতির মাধ্যমে ভুয়া জন্মসনদ তৈরি করে অপ্রাপ্তবয়স্ক বর-কনের আসল বয়স লুকানোর প্রবণতা বন্ধ করতেই সরকার এই কঠোর পদক্ষেপ নিয়েছে।
সংসদে মন্ত্রী বলেন, "অনেক সময় ধর্মীয় রীতিনীতি মেনে আনুষ্ঠানিক নিবন্ধন ছাড়াই বিয়ে সম্পন্ন হওয়ায় মাঠ পর্যায়ে এর সঠিক নজরদারি ও আইন প্রয়োগ করা কঠিন হয়ে পড়ে।" তাই বাল্যবিবাহ পুরোপুরি নির্মূল করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন, সংসদ সদস্য এবং স্থানীয় সরকারের প্রতিনিধিদের সমন্বিত প্রচেষ্টার ওপর জোর দেন তিনি।