ময়মনসিংহের ভালুকায় বিস্কুট কিনে দেওয়ার প্রলোভনে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। রবিবার (১৪ জুন)ভালুকা উপজেলার বিরুনীয়া ইউনিয়নের এক জঙ্গলে ধর্ষণের ওই ঘটনাটি ঘটে বলে জানা গেছে।
এ ঘটনায় ভুক্তভোগী মাদ্রাসা শিক্ষার্থী শিশুটির মা ভালুকা মডেল থানায় বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, মামলায় ইসমাইল হোসেন (৩০) নামে এক যুবককে আসামি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামী মারা যাওয়ার পর উপজেলার গোয়ারী এলাকায় বসবাস করে একটি পোশাক কারখানায় চাকরি করছেন ভুক্তভোগী শিক্ষার্থীর মা। ঘটনার দিন রবিবার দুপুরে দ্বিতীয় শ্রেণির ওই শিক্ষার্থী স্থানীয় নন্দীবাড়ি বাস স্ট্যান্ড এলাকায় একটি দোকানে যায়।
ওই সময় একই গ্রামের ইসমাইল হোসেন বিস্কুট কিনে দেওয়ার প্রলোভনে তাকে পাশের মোবাইল কম্পানির একটি টাওয়ারের সঙ্গে থাকা জঙ্গলে নিয়ে ধর্ষণ করেন। পরে ওই শিশু বাড়ি গিয়ে ঘটনাটি জানালে তার মা বাদী হয়ে ভালুকা মডেল থানায় মামলা করেন। ডাক্তারি পরীক্ষার জন্যে ওই শিশুকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে মডেল থানা পুলিশ।
মামলার তদন্তকারী অফিসার ভালুকা মডেল থানার এসআই সোহেল রানা জানান, শিশু ধর্ষণের ঘটনায় একজনকে আসামি করে মামলা হয়েছে।
ডাক্তারি পরীক্ষার জন্য ভুক্তভোগীকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আসামিকে গ্রেফতারে চেষ্টা চলছে।