Corporate Sangbad
সারাদেশ

সবুজায়নের পথে সাতক্ষীরা

প্রকাশিত: ১৩ জুন, ২০২৬, ৬:২৮ অপরাহ্ন · শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় আগামী পাঁচ বছরব্যাপী বৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ জুন) দুপুর সাড়ে ১২টায় শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী প্রাণ সায়রের খালের দুই পাশে বৃক্ষরোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহমত উল্লাহ পলাশ, জেলা জামায়াতে ইসলামীর আমির শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মইনুল ইসলাম খান, সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ আসাদুজ্জামান, সহকারী বন সংরক্ষক প্রিয়াংকা হালদার, কৃষিবিদ সাইফুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডবলু, পৌরসভার সচিব মোহাম্মদ লিয়াকত আলীসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ বলেন, বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে চলতি বছরে এক কোটি বৃক্ষরোপণ করা হবে। তিনি বলেন, শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, রোপণকৃত গাছের যথাযথ পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন , সাতক্ষীরা জেলার প্রতিটি উপজেলায় দুই একর জমিতে বনায়ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে। পরে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ ও বিতরণে মাধ্যমে তিনি কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

সাতক্ষীরা সদর সহকারী বন সংরক্ষক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রিয়াংকা হালদার বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন আজ সাতক্ষীরায় শুরু হলো। শুধু জেলা সদর নয়, জেলার বাকি ছয়টি উপজেলাতেও পর্যায়ক্রমে এ কর্মসূচির উদ্বোধন করা হবে।

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে গ্রহণ করা এ কর্মসূচি জেলার পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।