সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ১৩১ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৪ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১২।
র্যাব-১২ সূত্রে জানা যায়, সোমবার (৮ জুন) সকালে সদর কোম্পানির একটি আভিযানিক দল যমুনা সেতু পশ্চিম থানাধীন গোলচত্বর ট্রাফিক পুলিশ বক্সের সামনে পাকা সড়কে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে মাদকদ্রব্যসহ এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১ হাজার ১৩১ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২৪ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তি মো. আশরাফুল ইসলাম (৪০)। তিনি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার এনায়েতপুর গুচ্ছগ্রামের বাসিন্দা এবং মৃত গফুর শেখের ছেলে।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে জানানো হয়, আশরাফুল ইসলাম দীর্ঘদিন ধরে ইয়াবা ও হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্য নিজের হেফাজতে রেখে দেশের বিভিন্ন জেলায় ক্রয়-বিক্রয় করে আসছিলেন।
র্যাব-১২ জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে উদ্ধারকৃত মাদকদ্রব্যের ঘটনায় যমুনা সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (৮ জুন) র্যাব-১২, সদর কোম্পানি, সিরাজগঞ্জের কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন তাবরীজ তাজওয়ার শরীফ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।