Corporate Sangbad
জাতীয়

১৪০টিরও বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের ওষুধ: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: ৮ জুন, ২০২৬, ২:০০ অপরাহ্ন ·

বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল খাত বিশ্ব বাজারে ক্রমশ নিজেদের শক্ত অবস্থান তৈরি করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানান, বর্তমানে দেশের উৎপাদিত ওষুধ বিশ্বের ১৪০টিরও বেশি দেশে রপ্তানি হচ্ছে, যা দেশের স্বাস্থ্যখাতের সক্ষমতার একটি বড় অগ্রগতি।

সোমবার (৮ জুন) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, "স্থানীয়ভাবে ভ্যাকসিন উৎপাদনের সক্ষমতা অর্জন করতে পারলে বাংলাদেশের ওষুধ রপ্তানির পরিধি আরও বহুগুণ বাড়বে।" অতীত সরকারের সমালোচনা করে তিনি বলেন, বিগত সরকারের আমলে স্বাস্থ্য সরঞ্জাম ও ভ্যাকসিন উৎপাদন বা সরবরাহ ব্যবস্থায় পর্যাপ্ত অগ্রগতি হয়নি। এমনকি ভেন্টিলেটর ও সিরিঞ্জের মতো জরুরি চিকিৎসা উপকরণেরও ঘাটতি ছিল। তবে পরবর্তীতে বেসরকারি খাতের সহযোগিতায় সেই সংকট মোকাবিলা করা সম্ভব হয়েছে।

ডেঙ্গু পরিস্থিতি প্রসঙ্গে সাখাওয়াত হোসেন জানান, রোগীর চিকিৎসা ব্যবস্থাকে সহায়তা করতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ (বিএপিআই) এক লাখ ইউনিট আইভি স্যালাইন অনুদান হিসেবে দিয়েছে। বর্তমানে কেন্দ্রীয় স্টোরে এক লাখ স্যালাইন মজুত রয়েছে। এছাড়াও উপজেলা পর্যায়ে আরও ২০ থেকে ২৫ হাজার ইউনিট স্যালাইন মজুত রয়েছে। তবে প্রয়োজন বাড়লে অতিরিক্ত সরবরাহ নিশ্চিত করার প্রস্তুতিও রাখা হয়েছে।

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে শিশুমৃত্যুর ঘটনা প্রসঙ্গে মন্ত্রী জানান, হাসপাতাল কর্তৃপক্ষকে শোকজের জবাব দেওয়ার জন্য আরও দু’দিন সময় বাড়ানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না মিললে আইন অনুযায়ী পরবর্তী কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

ব্রিফিংয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, আসন্ন ডেঙ্গুর মৌসুম সামনে রেখে সরকার আগাম প্রস্তুতি নিয়েছে এবং আক্রান্তের হার কমাতে বিভিন্ন কার্যকর পদক্ষেপ বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি আশ্বস্ত করে বলেন, ডেঙ্গু আক্রান্তদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্যখাত সম্পূর্ণ প্রস্তুত। তবে জনস্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করতে সংশ্লিষ্ট সব অংশীজনকে একসঙ্গে কাজ করতে হবে। ডেঙ্গু নিয়ন্ত্রণসহ সামগ্রিক স্বাস্থ্যখাতের উন্নয়নে সরকার সমন্বিত উদ্যোগ নিয়ে এগোচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী।