Corporate Sangbad
জাতীয়

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৩ কোটি ১৪ লাখ টাকা টোল আদায়

প্রকাশিত: ৬ জুন, ২০২৬, ২:১৬ অপরাহ্ন · নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদুল আযহার ছুটি শেষ হলেও বেসরকারি প্রতিষ্ঠান ও পোশাক কারখানার কর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ এখনো কর্মস্থলে ফিরছেন। ফলে ঢাকামুখী যানবাহনের চাপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর বড় প্রভাব পড়েছে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও যমুনা সেতুতে।

গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে রেকর্ড ৪০ হাজার ৫৮০টি যানবাহন পারাপার হয়েছে। এতে মোট টোল আদায় হয়েছে ৩ কোটি ১৪ লাখ ২৭ হাজার ২৫০ টাকা।

শনিবার (৬ জুন) দুপুরে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

যমুনা সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সেতুর উপরে ৪০ হাজার ৫৮০টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ১৪ লাখ ২৭ হাজার ২৫০ টাকা। এর মধ্যে উত্তরবঙ্গগামী ১৫ হাজার ৪৪৮টি যানবাহন পারাপার হয়েছে। আর এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৩৫ লাখ ৫৮ হাজার ৮০০ টাকা। 

অপরদিকে ঢাকাগামী ২৫ হাজার ১৩২টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীতে টোল আদায় ১ কোটি ৭৮ লাখ ৬৮ হাজার ৪৫০ টাকা।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, ঈদের ছুটি শেষ হলেও মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ রয়েছে। তবে যানজট এড়াতে এবং পারাপার স্বাভাবিক রাখতে সেতুর দুই পাশে ৯টি করে মোট ১৮টি বুথ দিয়ে টোল আদায় করা হচ্ছে। এর মধ্যে মোটরসাইকেল পারাপারের জন্য দুই পাশে আলাদা দুটি করে বুথ রাখা হয়েছে।