Corporate Sangbad
সারাদেশ

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫

প্রকাশিত: ২৪ মে, ২০২৬, ১২:০৫ অপরাহ্ন · নিজস্ব প্রতিবেদক

ফরিদপুরের নগরকান্দায় বিআরটিসি বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন। রোববার (২৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের নগরকান্দার ডাঙ্গী ইউনিয়নের শংকরপাশায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, শংকরপাশা এলাকায় ফরিদপুর অভিমুখে ধেয়ে আসা একটি দ্রুতগতির বিআরটিসি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে রাজধানী ঢাকাগামী একটি জরুরি সেবার অ্যাম্বুলেন্সের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ৫ জন নিহত হন। 

নিহতদের মধ্যে দুইজন নারী ও তিনজন পুরুষ রয়েছে। তবে প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন জানান, সকালে ভাঙ্গা থেকে ফরিদপুরগামী একটি যাত্রীবাহী বিআরটিসি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ৫ জন নিহত হন। নিহতরা অ্যাম্বুলেন্সের যাত্রী ছিলেন বলে জানা গেছে। মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

তিনি আরো বলেন, খবর পেয়ে নগরকান্দা উপজেলা ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। প্রাথমিকভাবে তাদের নাম-ঠিকানা পাওয়া যায়নি।