যুক্তরাষ্ট্রপ্রবাসী চিত্রনায়ক জায়েদ খান অভিনীত শর্টফিল্ম ‘ইমিগ্রেন্ট ডায়েরিস’-এর দ্বিতীয় পর্বে দেখা যাবে নিউ ইয়র্ক সিটির বর্তমান মেয়র জোহরান কোয়ামে মামদানিকে।
প্রবাসজীবনের সংগ্রাম, স্বপ্ন ও বাস্তবতার গল্প নিয়ে নির্মিত এই শর্টফিল্মটি পরিচালনা করেছেন জন কবির ও সাদ আল আমীন। চলতি বছরের মার্চে প্রকাশিত প্রথম পর্ব দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছিল। তারই ধারাবাহিকতায় দ্বিতীয় পর্ব মুক্তি পাবে আগামী ২৭ মে, বাংলাদেশ সময় রাত ৯টায়।
নিউ ইয়র্কের মেয়রের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে জায়েদ খান বলেন, “বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটি শহরের মেয়রের সঙ্গে একই পর্দায় কাজ করা নিঃসন্দেহে গর্বের। এটি শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়, আমি মনে করি বাংলাদেশের লাল-সবুজের পতাকার জন্যও সম্মানের।”
জায়েদ খান জানান, এই প্রজেক্টে মেয়র মামদানিকে যুক্ত করার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ‘ঠিকানা’-এর রুহিন হোসেন ও আনুভা শাহীন হোসেন। তাদের উদ্যোগেই মেয়রের অফিসের সঙ্গে যোগাযোগ করা হয়। পরে মেয়রের পক্ষ থেকে শুটিংয়ের সময় নির্ধারণ করা হয়। পরে পরিকল্পনা অনুযায়ী, কাজটি সম্পন্ন হয়।
শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে জায়েদ খান বলেন, “এত বড় একজন জনপ্রতিনিধি হওয়া সত্ত্বেও তিনি ছিলেন অত্যন্ত আন্তরিক ও সহযোগিতাপরায়ণ। পরিচালকের নির্দেশনা মনোযোগ দিয়ে শুনেছেন এবং দৃশ্যগুলো নিখুঁতভাবে করার চেষ্টা করেছেন। পুরো বিষয়টি তিনি দারুণ উপভোগ করেছেন বলেই মনে হয়েছে।”
প্রবাসীদের জীবনসংগ্রাম, বাস্তবতা ও স্বপ্নঘেরা গল্প নিয়ে নির্মিত ‘ইমিগ্রেন্ট ডায়েরিস’-এর নতুন পর্ব ঘিরে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল।